শেরপুরের ঝিনাইগাতীতে স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র দেলোয়ার হোসেন (১৪) ও একই গ্রামের আলী হোসেনের পুত্র মনিরুজ্জামান (১৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ওই ২ যুবক মহিলা কলেজে জেএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলার সময় ২ পরীক্ষার্থীকে উত্যক্ত করে। এ সময় তাদের কু-প্রস্তাবে রাজি না হলে এসিড ছুরে মারারও হুমকি দেয়। খবর পেয়ে থানা-পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় দেলোয়ারের কাছ থেকে পেপসোডেন্ট টুথপাউডারের কৌটা ভর্তি প্রায় ১০০ গ্রাম এসিড পাওয়া যায়। অভিযোগ রয়েছে, গ্রেফতারকৃতরা ওই ২ স্কুলছাত্রীকে বেশ কিছুদিন ধরে পথেঘাটে উত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই
