অনেক খোঁজাখুজির পর অবশেষে উদ্ধার করা হলো ভারতের ব্যাঙ্গালুরের হ্রদে হেলিকপ্টার থেকে লাফ দিয়ে মারা যাওয়া দুই স্টান্টম্যান অনিল ভার্মা ও রাঘব উদয়ের লাশ।
উল্লেখ্য, গত সপ্তাহে ভারতীয় কানাড়া ছবি 'মাস্তি গুডি'র শুটিংয়ে একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে গিয়ে মারা যান এ দুই স্টান্টম্যান। হ্রদে ডুবে তাদের মৃত্যু হয়। তাদের এই মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
নিহত দুই স্টান্টম্যান সাঁতার জানতেন না, এবং হ্রদে লাফিয়ে পড়ার পর তাদের দ্রুত উদ্ধারের জন্য কোন ব্যবস্থাও নেয়া হয়নি। অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ এনে সিনেমাটির প্রযোজকদের বিরুদ্ধে মামলাও করে পুলিশ।
সিনেমাটির শুটিংয়ের জন্য সতর্কতামূলক কোন ব্যবস্থাই নেয়া হয়নি। কেউ কোন লাইফ জ্যাকেট পড়েনি এবং সেখানে কোন উদ্ধারকারী দল বা অ্যাম্বুলেন্সও মজুদ ছিল না।
IMG0
নিহত দুই স্টান্টম্যানের সঙ্গে হ্রদের জলে লাফ দিয়েছিলেন কানাড়া ভাষার চলচ্চিত্রের শীর্ষ অভিনেতাদের একজন দুনিয়া বিজয়। তিনি অবশ্য কোন ক্ষয়ক্ষতি ছাড়াই সাঁতরে তীরে উঠতে পেরেছেন।
সবশেষ কয়েকদিন ধরে নিহতদের লাশ উদ্ধারে বেশ চেষ্টা করা হয়। গতকাল ৯ নভেম্বর তাদের লাশ খুঁজে পায় উদ্ধারকারী দল। আজ সকালে লেক থেকে লাশ উদ্ধার করা হয়েছে। খবর বলিউড লাইফ।
ইত্তেফাক/এমএআর
