দুর্যোগে ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা অর্জনে প্রশিক্ষণ দেয়া হবে: মায়া

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৯:১৪
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, 'দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা অর্জনের জন্য কর্মকর্তাদের দেশ বিদেশে প্রশিক্ষণ দেয়া হবে।'
 
বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি বলেন, 'এর আলোকে কর্মকর্তাদের প্রস্তুত হতে হবে।'
 
বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল বক্তৃতা করেন।
 
এ সময় মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর অঙ্গীকার হিসেবে 'দুর্যোগে শূন্য মৃত্যুহার' এর দিকে বাংলাদেশ অগ্রসর হচ্ছে। এর আলোকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুত হতে হবে। দুর্যোগের পূর্ব প্রস্তুতির পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নির্ধারণ করে কেন্দ্রকে জানাতে হবে।
 
তিনি বলেন, 'দুর্যোগের পর ত্রাণ বিতরণের প্রথাগত পদ্ধতি ছেড়ে দুর্যোগে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার উপর মনোযোগ দিতে হবে।' যে কোন দুর্যোগে প্রতিবন্ধী, মহিলা ও শিশুদের উদ্ধার ও পুনর্বাসনে অগ্রাধিকার দেয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস