চাঁদনী’র রজতজয়ন্তী

আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ০১:২৯
১৯৯১ সালের ২ অক্টোবর মুক্তি পেয়েছিল এহতেশাম পরিচালিত নতুন জুটির চলচ্চিত্র ‘চাঁদনী’। চলচ্চিত্রটির গান, নির্মাণশৈলী এবং নতুন জুটি নাঈম-শাবনাজের অনবদ্য অভিনয় সেসময় দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে। নাঈম এবং শাবনাজের অভিষেকের মধ্য দিয়ে চলচ্চিত্রে জুটি প্রথার নতুন এক ধারা শুরু হয়। যে কারণে পরবর্তীতে তারা দু’জন অনেক চলচ্চিত্রেই দর্শকের চাহিদার জন্য একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন। দেখতে দেখতে নাঈম-শাবনাজ অভিনীত চলচ্চিত্র ‘চাঁদনী’ ২৫ বছর অর্থাত্ রজতজয়ন্তীতে পা রেখেছে গত ২ অক্টোবর। নিজেদের জীবনের প্রথম চলচ্চিত্রের রজতজয়ন্তী উপলক্ষে নাঈম-শাবনাজ এবং চাঁদনী পরিবার এবার একটি ভিন্ন উদ্যোগ নিয়েছে। এদিকে, আজ বিবাহিত জীবনের ২৩ বছরে পা রাখছেন নাঈম-শাবনাজ। ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারা দু’জন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে দুই কন্যা সন্তান রয়েছে। আর ভক্তদের জন্য দারুণ খবর হলো, আগামী ১৯ নভেম্বর ঢাকায় একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ‘চাঁদনী’ ছবির সেলিব্রেশন পার্টি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
ইত্তেফাক/এএন