রাতে স্মার্টফোন ব্যবহারে হতে পারে নিদ্রাহীনতা

আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৩:১২
যারা রাতের বেলা স্মার্টফোনে বেশি সময় কাটান তাদেরকে পেয়ে বসতে পারে নিদ্রাহীনতা। নতুন এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য।
 
৬৫৩ জন প্রাপ্তবয়স্ক মানুষের উপর গবেষণা চালিয়ে ওই কথা জানিয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বর্ষীয়ান অধ্যাপক ডাক্তার গ্রেগরি এম মার্কাস।
 
একজন ব্যবহারকারী রাতে ঘুমোতে যাওয়ার সময় ঠিক কতক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন তা জানতে ওই গবেষণা চালানো হয়। এজন্য প্রত্যেক ব্যবহারকারীর স্মার্টফোনে একটি বিশেষ অ্যাপ ‘রান’ করানো হয়, যা স্ক্রিনটাইমের নিখুঁত হিসাব রাখতে পারে।
 
সমীক্ষার শেষে দেখা যায়, প্রতি রাতে অন্তত এক থেকে দেড় ঘণ্টা করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন স্মার্টফোনে আসক্তরা। ৩০ দিনের হিসাবে তাদের প্রায় ৪০-৫০ ঘণ্টা সময় কাটে ফোনের পিছনে, তাও শুধু রাতে। বয়স যাদের কম, তারাই বেশি সময় কাটান। 
 
সমীক্ষার ফলাফল আরও জানাচ্ছে, যে ব্যবহারকারী যত বেশি ফোনের পিছনে সময় কাটান, তার ঘুমের ঘনত্ব ততই কমতে থাকে। হিসাব কষে দেখা গেছে, টিনএজারদের রাতে ঘুম হয় খুব পাতলা। তাদের ঘুম গাঢ় হয় ভোরের দিকে। এই প্রবণতাকে ‘বিপজ্জনক’ বলছেন অধ্যাপক গ্রেগরি।
 
তিনি আরও বলেন, 'টিভি এখন আর ঘুমের ক্ষতি ততটা করে না। কারণ, মানুষ এখন টিভি ছেড়ে স্মার্টফোনকে সময় কাটানোর প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।' 
 
স্মার্টফোনের স্ক্রিন থেকে বিচ্ছুরিত আলো ঘুমের বারোটা বাজাতে যথেষ্ট বলে জানিয়েছেন তিনি। স্মার্টফোনের স্ক্রিন একা নয় অবশ্য, ব্যবহারকারীদের ঘুমোতে দেয় না সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্ট্যাটাস বা ছবি পোস্ট করার আকাঙ্ক্ষাও। 
 
অধ্যাপক গ্রেগরি বলেন, গরিব মানুষ, যাদের হাতে স্মার্টফোন নেই, তারা অনেক বেশি শান্তিতে ঘুমান।
 
ইত্তেফাক/এএম