সেলফি তুলতে গিয়ে ভাঙল অষ্টাদশ শতকের ভাস্কর্য!

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ০০:২৮

বর্তমানে ছেলে-বুড়ো সবাই যেন সেলফিতে আসক্ত হয়ে পড়েছে। সুযোগ পেলেই সেলফির জন্য পোজ দিতে দেরি হয় না। তবে এই সেলফি তুলতে গিয়ে প্রায়ই নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। তবু থামছে না সেলফিবাজি।

 

পর্তুগালের লিসবন জাতীয় জাদুঘরে সেলফি তুলতে গিয়ে এমনই একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছেন এক পর্যটক। ঐ পর্যটক অষ্টাদশ শতকের একটি অমূল্য ভাস্কর্য দেখে মুগ্ধ হয়ে যান। তিনশ বছরের পুরনো ঐ ভাস্কর্যটির সাথে সেলফি তোলার লোভ সামলাতে পারলেন না। সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশত: ধাক্কা লেগে পড়ে গিয়ে খণ্ড খণ্ড হয়ে যায় ভাস্কর্যটি।

 

এমন ঘটনা ঘটানোর পর টনক নড়েছে জাদুঘর কর্তৃপক্ষের। পর্তুগালের সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়টি জানার পর কর্তৃপক্ষের গাফিলতির সঙ্গে সঙ্গে পর্যটকদের কান্ডজ্ঞানহীনতার বিরুদ্ধে তীব্র সমালোচনা জানিয়েছে। এতো পুরনো একটি ভাস্কর্য ভেঙে ফেলার জন্য তার বিরুদ্ধে কর্তৃপক্ষ কোন ধরনের আইনগত ব্যবস্থা নিয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে সেলফিটি ফেসবুকে দিতে কোনো রকম ভুল করেননি ঐ পর্যটক।-ইউপিআই

ইত্তেফাক/এএন