যশোরে নৃশংস হামলার শিকার হয়ে 'কথিত' সন্ত্রাসীর মৃত্যু

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ০৮:৪০
 
যশোরে প্রতিপক্ষের নৃশংস হামলার শিকার হয়ে 'কথিত' সন্ত্রাসী শুকুর আলী নামে এক ব্যক্তি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দিবাগত রাত ২টার কিছুক্ষণ আগে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। শুকুর আলী শহরের খড়কী সার্কিট হাউজপাড়ার জনৈক মতিয়ার রহমান মতির ছেলে।
 
গত ৬ নভেম্বর একদল সন্ত্রাসী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এম এম কলেজের আসাদ হলে মারপিট করে। এ সময় তার তার ডান পায়ের নখ উঠিয়ে দেয়া হয়। ড্রিল দিয়ে ছিদ্র করে দেয়া হয় তার উরু। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরদিনই হাসপাতাল কর্তৃপক্ষ শুকুরকে ঢাকায় রেফার করেন। কিন্তু পুলিশের এক কর্মকর্তা তাকে ঢাকা নিতে দেননি বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন শুকুরের বাবা।
 
যশোর জেনারেল হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রীতি সাংবাদিকদের জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয় শুকুরকে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। এক পায়ের নখ প্লাস দিয়ে উঠিয়ে নেয়া ছাড়াও শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত ছিল। এছাড়া শুকুরের ডান পা ড্রিল দিয়ে ছিদ্র করা ছিল।
 
কোতয়ালী থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, শুকুরের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এবং একাধিক মামলা আছে। একটি মামলার সুনির্দিষ্ট আসামি হিসেবে গ্রেফতার অবস্থায় সে চিকিৎসাধীন ছিল।
 
ইত্তেফাক/আরএ