সীমান্তে আটক ৩ নারী কারাগারে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১১:৪৮
 
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় রুপিসহ আটক হওয়া তিন নারীকে বিরামপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। রবিবার সকালে তাদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
 
আটককৃতরা হলেন-ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ডাক্তারীপাড়া গ্রামের আজাদ মিয়ার স্ত্রী পারভীন বেগম (৩২), তার মেয়ে সাথী খাতুন (১৮) ও একই গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী মিরু খাতুন (৩০)।
 
মামলা সূত্রে প্রকাশ, শনিবার দুপুরে সীমান্তে টহলকালে এক পুরুষ তিন নারীকে নিয়ে ২৯০/৫ পিলারের নিকট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবি ধাওয়া করে তিন নারীকে আটক করে। তবে পুরুষটি পালিয়ে যায়। আটককৃতদের তাদের তল্লাশি করে বিজিবি দুই হাজার ৫০০ টাকার ভারতীয় রুপি উদ্ধার করে।   এব্যাপারে বিজিবি তিন নারী ও পলাতক আদম পাচারকারী ভোলা মিয়ার (৪০) নামে থানায় মামলা করেছে বিজিবি। পলাতক ভোলা সীমান্তের কাটলা ইউনিয়নের সাবেক মেম্বার আফিজ উদ্দিনের ছেলে।
 
আটক নারীরা জানান, নয় হাজার টাকার বিনিময়ে আদম পাচারকারী ভোলা মিয়া তাদের ভারতে পাঠানোর দায়িত্ব নেয়। তারা ভারতে কাজের সন্ধানে যাচ্ছিলেন।
 
ইত্তেফাক/এএসএস