নোট বাতিলের সিদ্ধান্তে মোদীকে সাধুবাদ ঐশ্বরিয়ার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৩:১৬
৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার স্বাগত জানিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এর আগে আমির খান ও শাহরুখ খানসহ আরও অনেক বলিউড তারকা মোদীকে স্বাগত জানান।
 
রবিবার ভারতীয় এক টিভি চ্যানেলকে অভিষেক বচ্চন পত্নী জানান, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের জন্য তাকে স্বাগত জানাচ্ছি। একজন নাগরিক হিসেবে বলতে পারি দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে দীর্ঘমেয়াদী কোনো কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ‌যে কোনো পরিবর্তন হলে তা মানিয়ে নিতে প্রথম দিকে বেশ অসুবিধা হয়। কিন্তু আগামী দিনে বড় সুফলের কথা মাথায় রাখলে এই অসুবিধা মেনে নিতে কোনো আপত্তি থাকা উচিত নয়।
 
নোট বাতিল হওয়ায় নাজেহাল অবস্থা ভারতের সাধারণ মানুষের। নোট বদল করতে না পেরে অনেকেই ভীষণ অসুবিধায় পড়েছেন। এটিএমগুলোর সামনেও লম্বা লাইন পড়ে গেছে। এই সংকটে মোদীর সমালোচনা করছে বেশ কয়েকটি রাজনৈতিক দলও।
 
কোনো রাজনৈতিক বিষয়ে সাধারণত মন্তব্য করেন না ঐশ্বরিয়া। তবে এবার মুখ খুললেন। জানালেন, 'এই ধরনের সাহসী সিদ্ধান্ত নিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন মোদীজি। ‌অন্য যে কোনো রাষ্ট্রনেতা এই ধরনের বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে বহুবার ভাবতেন।'
 
শনিবার নোট বাতিল নিয়ে মুখ খুলেছিলেন আমির খান। তিনি বলেন, 'কেন্দ্র ‌যে সিদ্ধান্ত নিয়েছে তার তাৎক্ষনিক প্রতিক্রিয়া নিয়ে এখুনি মন্তব্য করা উচিত নয়। দেখতে হবে এর প্রভাবে ভবিষ্যতে কী হবে।
 
নোট বাতিল নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেছেন অভিনেতা অর্জুন রামপাল ও পরিচালক রাজকুমার হিরানি। হিরানি হলেন, 'সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু ভবিষ্যতের সুবিধার কথা মাথায় রেখে একটু শান্ত থাকা উচিত। অন্যদিকে, অর্জুন রামপাল বলেন, 'এটি একটি সাহসী সিদ্ধান্ত। সাধারণ মানুষের উচিত সরকারের সঙ্গে সহযোগিতা করা।'
 
ইত্তেফাক/এএম