যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৮ নভেম্বর প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ইলেকটরাল ভোটে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর তাতে অবাক হওয়ার পাশাপাশি তীব্র আন্দোলন শুরু করেছে ট্রাম্প বিরোধীরা। কিন্তু তাদের আন্দোলনের মূল দাবি কি? সিএনএন তার প্রতিবেদনে তুলে ধরেছে ট্রাম্প বিরোধী আন্দোলনের মূল পাঁচটি দাবি।
ট্রাম্পকে 'ডাম্প' কর

আন্দোলনকারীদের হাতে লেখা বেশ কিছু প্ল্যাকার্ডে ছিল এ কথা লেখা। সিএনএন জানায়, রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার আগে খোদ রিপাবলিকানরা ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করত। সেখানে মূল লক্ষ্য ছিল, প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্পকে মনোনয়ন না করা। কিন্তু প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর তা অনেক ট্রাম্প বিরোধীর মূল মন্ত্রে পরিণত হয়েছে। এ কথাটি বলে স্লোগান দিচ্ছে তারা।
এক আন্দোলনকারী জানায়, প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে ছুড়ে ফেলার জন্যই এ ধরণের প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন।
দেয়াল নয় সেতু তৈরি কর

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বেশ গুরুত্ব পায় ইমিগ্রেশন বিষয়টি। এ সময় মেক্সিকান বর্ডার দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ বন্ধে সীমানা প্রাচীর নির্মাণের ঘোষণা দেন ট্রাম্প। আন্দোলনকারীদের একটি বড় অংশ এই প্রাচীরের বিরোধিতা করে জানায়, আমরা এখানে এসেছে আমাদের সে সব বন্ধুর জন্য, যাদের কাগজ এখনও তৈরি হয়নি। আর আমরা দেয়াল তুলতে চাই না, বরং সম্পর্কের সেতু তৈরি করতে চাই।
বিবৃতি দাও
নির্বাচনী প্রচারণায় সমালোচিত বিষয়গুলো সামনে এনে জাতীয় পর্যায়ে ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হওয়ার জন্য শপথ নেয়ার আগে ট্রাম্পের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া।
Love the fact that the small groups of protesters last night have passion for our great country. We will all come together and be proud!
— Donald J. Trump (@realDonaldTrump) November 11, 2016
ট্রাম্পকে বিভক্ত করার নীতি থেকে বের হয়ে আসতে হবে

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার শুরু থেকে যুক্তরাষ্ট্রকে বিভক্ত করছে এমন মন্তব্য করে একদল আন্দোলনকারী সিএনএনকে জানায়, তার উচিত এই বিভক্তি কমিয়ে আনার ব্যবস্থা করা। সে মুসলিম, অভিবাসী, অবৈধ অনুপ্রবেশকারী, মেক্সিকান এমন আরো বহু ভাগে আমাদের ভাগ করছে। তার উচিত এ জন্য দুঃখ প্রকাশ করা।
এক আন্দোলনকারী বলেন, আমি এমন এক দেশ পছন্দ করি, যেখানে সবাই একে অপরকে ভালবাসে।
ট্রাম্প আমার প্রেসিডেন্ট নয়

নির্বাচনের ফলাফল প্রকাশের পর ক্যালিফোর্নিয়া রাজ্য স্বাধীন করে দেয়ার জন্য আন্দোলন শুরু হয়। পরবর্তীতে তাদের আন্দোলনে জনপ্রিয় স্লোগান হয়ে ওঠে 'আমার প্রেসিডেন্ট নয় ট্রাম্প'। এই একই স্লোগান নিয়ে নিই ইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনেও দেখা যায় আন্দোলনকারীদের। 'ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে দেখতে চাই না' বিষয়টি জানানোর জন্য তারা এই স্লোগান ও প্ল্যাকার্ড ব্যবহার করছে।
এ ছাড়াও আরো ছোট-খাট বেশ কিছু বিষয় নিয়ে আন্দোলন চলছে। কিন্তু সবার মূল লক্ষ্য ট্রাম্প বিরোধী জনমতের বিষয়টি স্পষ্ট করা। সিএনএন।
ইত্তেফাক/আরএ
