মোরেলগঞ্জে মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা, মা-মেয়ে আটক

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৩:৫৯
 
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে শনিবার দিবাগত রাতে জুয়েল নামের এক সন্ত্রাসী কুপিয়ে হত্যা করেছে মাদ্রাসা ছাত্র আলামিন শেখকে (১৮)। তিনি চালিতাবুনিয়া ওলামাগঞ্জ এনইউ সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। 
  
ঘটনার দিন রাত ৮ টার দিকে ওই গ্রামের আবুল হোসেন শেখের ছেলে মাদ্রাসার আবাসিক ছাত্র আলামিন রাতের খাবার নিয়ে বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আবুল কাজীর ছেলে জুয়েল কাজী (২০) তার ওপর হামলা করেন। হামলাকারী জুয়েল তাকে কুপিয়ে জখম করেন। রক্তাক্ত জখম অবস্থায় আলমিনকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। 
 
এ ঘটনায় পুলিশ জুয়েলের মা কোহিনুর বেগম (৪৫) ও তার মেয়ে পপি ওরফে লামিয়াকে (১৫) রবিবার সকালে পালিয়ে যাবার সময় ছোলবাড়িয়া বাস ষ্ট্যান্ড থেকে আটক করে। 
  
এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে জুয়েলসহ পাঁচজনকে আসামি মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 
 
থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম জানান, এর আগে জুয়েলের মা কোহিনুর বেগম বাদি হয়ে নিহত আলামিনসহ ৫/৬ জনকে আসামী করে  ২৩ অক্টোবর আদালতের নির্দেশে থানায় মামলা দায়ের করেন। এনিয়ে দুই পরিবারের দ্বন্ধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।  
 
 
ইত্তেফাক/কেকে