১৪ নভেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে লাক্স তারকা তানিন তানহা, মিশু সাব্বির, সিদ্দিকের নতুন ধারাবাহিক নাটক ‘কারসাজি’। ১০৪ পর্বের এই ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। নাটকটি প্রচার করবে চ্যানেল আই।
নতুন এ কাজ নিয়ে অভিনেত্রী তানিন তানহা বলেন, ’কারসাজি আমার বেস্ট কাজ। গল্পটি দারুণ লেগেছে। যদিও শ্যুট করার সময় বেশ খাটুনিই গেছে। চেষ্টা করেছি আমি আমার ভালটা দর্শককে উপহার দিতে।’
কারসাজির গল্প নিয়ে কথা হয় তানহার সঙ্গে। এখানে তানহা একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। মধ্যবিত্ত পরিবারের মেয়ে, ছিমছাম থাকতে পছন্দ করেন। একটি ছেলেকে পছন্দ করেন কিন্তু ভালোবাসার কথা কেউ কাউকে বলতে পারেন না। এদিকে তার মা বাসায় সারাদিন বিদেশি সিরিয়াল দেখেন। সিরিয়ালের চরিত্র দেখে কখনো কাঁদেন কখনো হাসেন। আবার ফকিরের চরিত্র দেখে ফকির বেশে থাকেন। আবার কখনো ধনীর চরিত্র দেখে ধনীর বেশে। অনেক হাস্যরসের মধ্যে দিয়ে নাটকের গল্প এগিয়ে গেছে।
IMG0
তানহা বলেন, ‘আমার চরিত্রটি একেবারে সাধারণ। ছেলেটি আমাকে পছন্দ করে, একটু বেশি। মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে দাড়ায়। এক সময় তা প্রেমে দাড়াবে।’
তানহার বিপরীতে অভিনয় করছেন শামীম হাসান সরকার। এ ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন আরফান আহমেদ, সুমন পাটোয়ারী, মিশু সাব্বির, জিল্লুর রহমান, মনিরা মিঠু, সিদ্দিক, উর্মিলাকর, আবুল হায়াত প্রমুখ।
ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে ঢাকার উত্তরা, আজিমপুরসহ বিভিন্ন লোকেশনে। প্রচারিত হবে প্রতি রবি ও সোমবার রাত ৯.৩৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়।
ইত্তেফাক/এমএআর
