জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২০১৯ সালের নির্বাচন রাজাকারের সঙ্গে মুক্তিযোদ্ধাদের কোনো প্রতিযোগিতার মাঠ হবে না। রবিবার দুপুর ১২টার দিকে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে দলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, কোনো অবস্থাতেই নির্বাচন ও গণতন্ত্রকে রাজাকার, যুদ্ধাপরাধী, জঙ্গি এবং আগুন সন্ত্রাসীদের হালাল করার কোনো রাজনৈতিক ব্যবস্থা হিসেবে আমরা ব্যবহার করতে দিব না। খালেদা জিয়া যতই চিত্কার করুক না কেন-নির্বাচন ও গণতন্ত্র নিয়ে, আমি পরিষ্কার করে বলব নির্বাচন এবং গণতন্ত্র রাজাকার ও মুক্তিযোদ্ধার প্রতিযোগিতার মাঠ নয়।
নড়াইল জেলা জাসদের সহ-সভাপতি তালুকদার হুমায়ূন কবীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান বাদশা, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক ওবায়দুল রহমান চন্নু, সহ-সভাপতি শহীদুল ইসলাম ও কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, নড়াইল জেলা জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম পান্তুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এএসএস
