সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও স্পেন বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপিয়ান জোনে নিজ নিজ ম্যাচে ৪-০ গোলের বিশাল ব্যবধানে জয়ী হলেও ইউরোতে চমক দেখানো ওয়েলস সার্বিয়ার সাথে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছে।
এর আগে শনিবার দিনের প্রথম ম্যাচে ভিয়েনায় স্বাগতিক অস্ট্রিয়াকে ১-০ গোলে পরাজিত করে বিস্ময় সৃষ্টি করেছে আয়ারল্যান্ড। একইসাথে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ-ডি’তে শীর্ষস্থান নিশ্চিত করেছে আইরিশরা। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সার্বিয়া ও ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ওয়েলস।
কার্ডিফে ৩০ মিনিটে গ্যারেথ বেলের গোলে এগিয়ে গিয়েছিল ওয়েলস। কিন্তু আলেকসান্দার মিটরোভিচের ৮৬ মিনিটের গোলে স্বাগতিকদের জয় পাওয়া হয়নি। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ তারকা বেল বলেছেন, এটা সত্যিই হতাশাজনক ফলাফল। আমরা তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চেয়েছিলাম। নিজের মাঠে খেলা, তার উপর ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকা। এভাবে দুই পয়েন্ট হারানো সত্যিই হতাশার।
যদিও ওয়েলস কোচ ক্রিস কোলম্যান এই ফলাফলে ততটা হতাশ না হয়ে সামনে এগিয়ে যাবার পক্ষেই মত দিয়েছেন। তিনি বলেন, আয়ারল্যান্ডের থেকে আমরা মাত্র চার পয়েন্ট পিছনে রয়েছি। তাদের বিপক্ষে এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। আমাদের সামনে অনেক বড় সুযোগ রয়েছে। তবে আজকে আমাদের ৩ পয়েন্ট পাওয়া উচিৎ ছিল।
এই নিয়ে টানা তিন ম্যাচে ওয়েলস ড্র নিয়ে মাঠ ছেড়েছে। সার্বিয়ান অধিনায়ক ব্রানিস্লাভ ইভানোভিচ বলেছেন, নিজেদের ওপর আমরা গর্বিত। আমরা সঠিক পথেই আছি। আজ এক পয়েন্ট নিয়েই আমরা খুশি।
এদিকে ভিয়েনায় বিরতির তিন মিনিট পরে জেমস ম্যাকক্লিনের গোলে জয় নিশ্চিত হয়েছে আইরিশদের। ম্যাচ শেষে আইরিশ বস মার্টিন ও’নেইল বলেছেন, ম্যাচটি সত্যিই কঠিন ছিল। কিন্তু এটা আমাদের জন্য অসাধারণ একটি শুরু। ১০ পয়েন্ট নিয়ে আমরা দারুণ খুশি।
গ্রুপ-জি’তে স্পেন ও ইতালিয় উভয়ই নিজেদের জয়ের ধারা বজার রেখে বেশ ভালভাবেই এগিয়ে চলেছে। চার ম্যাচ শেষের উভয়ের সংগ্রহে রয়েছে ১০ পয়েন্ট।
গ্রানাডাতে মেসিডোনিয়ার ডারকো ভালকোভোস্কির ৩৪ মিনিটের আত্মঘাতি গোলে এগিয়ে গিয়েছিল স্প্যানিশরা। এর পর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ভোটোলো। ৮৩ ও ৮৫ মিনিটে পরপর দুই গোল করে নাচো মনরিয়াল ও অভিজ্ঞ স্ট্রাইকার আরিজ আদুরিজ দলের বড় জয় নিশ্চিত করেন।
লিচেনস্টেইনে অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষে বিপক্ষে ১১ ও ৪৪ মিনিটে আনফ্রে বেলোত্তি দুই গোল করেন। তবে ইমোবিলে ও এন্টোনিও কানড্রেভা দুই গোল করলে বিরতির আগেই ইতালি ৪-০ গোলে এগিয়ে যায়। এই গ্রুপের অপর ম্যাচে তিরানায় আলবেনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ইসরাঈল।
গ্রুপ-আইয়ে আইসল্যান্ড তাদের ইউরো সাফল্য ধরে রাখতে পারেনি। ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে ক্রোয়েশিয়া। ঘরের মাঠ আনতালিয়াতে কসোভোকে ২-০ গোলে হারিয়েছে তুরষ্ক। বাসস
ইত্তেফাক/এমএইচ
