বাগেরহাটের আলিম পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় মামলা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৭:২৩
বাগেরহাটের মোরেলগঞ্জে আলামীন শেখ (১৮) নামে এক আলিম পরিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 
 
রোববার দুপুরে মোরেলগঞ্জ থানায় ৬ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন নিহতের মা আকলিমা বেগম। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, চালিতাবুনিয়া গ্রামের আবুল কাজীর স্ত্রী কহিনুর বেগম (৪৫) ও তার মেয়ে পলি খাতুন(১৮)। 
 
শনিবার রাতে দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে আলীম পরিক্ষার্থী আলামীন শেখকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত আলামীন চালিতাবুনিয়া গ্রামের হোসেন আলী শেখের ছেলে এবং ওলামাগঞ্জ এনইউ আলীম মাদ্রসার আলীম শাখার আবাসিক ছাত্র। মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে।
 
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল আলম জানান, শনিবার রাতে আলামীন খাবার নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলো। ওই সময় পিছন থেকে ধারালো দাও দিয়ে তার ঘাড়ে কোপ দেয় প্রতিপক্ষরা। গুরুতর জখম অবস্থায় আলামীনকে তার দুই ভাই তাজুল, সোয়াইব ও মা আকলিমা বেগম উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় আলামীন মারা যায়।
 
ইত্তেফাক/ইউবি