নন্দিত কথাসাহিত্যিক, নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন উপলক্ষে চ্যানেল আই চেতনা চত্বরে অনুষ্ঠিত হলো ‘৫ম হিমু মেলা’। মেলার নামকরণ করা হয় ‘ডিউ-চ্যানেল আই হিমু মেলা-১৬’।
রবিবার দুপুর ২.৩০ মিনিটে হিমুপ্রেমিরা হলুদ পাঞ্জাবী গায়ে দিয়ে চ্যানেল আই প্রাঙ্গণে উপস্থিত থেকে হলুদ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়নামিক কনজুমার এন্ড কেমিক্যালস’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. নাজমুল হাসান, নাট্যব্যক্তিত্ব কেরামত মাওলা, শিল্পী মোঃ খুরশীদ আলম, ফকির আলমগীর, সেলিম চৌধুরী, আনন্দ আলো’র সম্পাদক রেজানুর রহমান, অন্যপ্রকাশের স্বত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম, প্রকাশক ফরিদ আহমেদ, মনিরুল হক, হিমু পরিবারের সদস্যসহ বিভিন্ন অঙ্গণের হুমায়ূন ভক্ত বিশিষ্টজনরা।
IMG0
মঞ্চে পরিবেশিত হয় হুমায়ূন আহমেদের গান। গানগুলো গেয়েছেন মো. খুরশীদ আলম, সেলিম চৌধুরী, শাহনাজ বেলী, সেরকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। হুমায়ূন আহমেদ স্মরণে স্মৃতিকথা বলেছেন ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুনসহ মেলায় আগত বিশিষ্টজনরা।
নৃত্য পরিবেশন করেছে ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থীরা। মেলায় ছিল হুমায়ুন আহমেদের বই, চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডির ষ্টলসহ নানান পণ্যসামগ্রীর স্টল। চিত্রাংকন করে মেলায় আগত বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা।
ইত্তেফাক/এমএআর
