‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চাই না’

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৭:৪৩
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা বলেছেন, সম্প্রতি বাংলাদেশে যে সব  সহিংসতার ঘটনা ঘটছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না। আশা করি- বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। 
 
রবিবার বিকেলে ভারত থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পঞ্চগড়ে প্রবেশ করে পঞ্চগড় সার্কিট হাউজে এক সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
 
ভারতীয় ভিসা প্রাপ্তিতে জটিলতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার পরও অনেক জায়গায় ভিসা পদ্ধতি সহজ করা হয়েছে। ৬৫ বছরের ওপরে এবং চিকিৎসা ভিসা বিনা তারিখেই দেয়া হচ্ছে। আমাদের যে সকল অসুবিধা আছে তা অল্প সময়ের মধ্যে দূর করা হবে। এ জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদেরকে কিছু সময় দিতে হবে।
 
ভারতীয় হাই কমিশনের একটি দল পঞ্চগড় সার্কিট হাউজে আসলে পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল প্রতিনিধিদলকে স্বাগত জানান।
 
ভারতীয় প্রতিনিধিদলে অন্যদের মধ্যে সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, ফাস্ট সেক্রেটারি নিনাদ দেশ পান্ডে, থার্ট সেক্রেটারী রাকেশ চৌধুরী উপস্থিত ছিলেন।  
 
ইত্তেফাক/ইউবি