ষষ্ঠবারের মতো বাংলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশি-বিদেশি সাহিত্য মিলন মেলা ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল। ১৭-১৯ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে এবারের আয়োজন। ১৮টি দেশ থেকে ৬৬ জন বিদেশি এবং দেড় শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক অংশ নিচ্ছেন লিট ফেস্টে।
শনিবার বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তথ্য জানান হয়। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আমেদ, আহসান আকবর এবং ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেলসহ সংশ্লিষ্টরা।
প্রয়াত কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হককে স্মরণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হবে এবারের আয়োজনে। লিট ফেস্টে তাঁর লেখা উপন্যাস ‘নীল দংশন’ এর একটি অংশ ইংরেজিতে মঞ্চায়িত হবে। থাকছে তার জীবন নিয়ে বিশেষ আলোচনা। এ ছাড়া খ্যাতিমান লেখক ফকরুল আলম অনূদিত মীর মোশাররফ হোসেনের খ্যাতনামা উপন্যাস ‘বিষাদ সিন্ধু’-এর প্রকাশনা উৎসব হবে এবারের আয়োজনে।
তিন দিনের এ উৎসবটির প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য মুখর থাকবে বিভিন্ন আয়োজনে।
ইত্তেফাক/এমএআর
