রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বজনদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মহসিন আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। মহসিন আলীর বাড়ি পবা উপজেলার মদনহাট এলাকায়। শনিবার সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয় । দুপুরে ওই ওয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন ইন্টার্ন চিকিৎসক শফিকুল ইসলাম অপু। তিনি রামেক ছাত্রলীগের সভাপতি।
মহসিন আলীর মৃত্যুর পর তার দুই ছেলে নজরুল ইসলাম (৪৫) ও আনারুল ইসলাম (২৫) চিকিৎসায় অবহেলার কারণে তাদের বাবার মৃত্যুর অভিযোগ তুলে ইন্টার্ন চিকিৎসক শফিকুল ইসলাম অপুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা একত্রিত হয়ে মহসিনের স্ত্রী রাহেলা বিবি (৫৫) ও দুই ছেলের ওপর হামলা করেন। এতে তারা আহত হন। এ সময় তাদের আটক করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ বলেন, এ ব্যাপারে থানায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক
