বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:৩৭

সম্প্রতি অনুষ্ঠিত হলো জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। এতে তিন হাজার শিশু-কিশোর অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি (১০০তম জন্মদিন) ১০০ কেজি ওজনের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আয়োজনটি করা হয় রাজধানীর পুলিশ কনভেনশন হলে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি লায়ন মো. নূরুল আলম, শিক্ষা ব্যক্তিত্ব ও বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার পিএমজেএফসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আইন মন্ত্রী আনিসুল হক বলেন, 'বঙ্গবন্ধু শিশুদের ভীষণ ভালোবাসতেন। শিশুদের সার্বিক উন্নয়নে তাঁর অনেক স্বপ্ন ও পরিকল্পনা ছিল। বঙ্গবন্ধু শিশুদের প্রতি বিশেষ মমত্ববোধের কারণেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশুদিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হয়েছে জাতীয় শিশু দিবস। এমনিভাবে বঙ্গবন্ধু একাত্ব হয়ে গেলেন শিশুদের মঝে'।

শিক্ষা ব্যক্তিত্ব লায়ন এম কে বাশার বলেন, 'জাতি শিশুদের প্রতি যত্মশীল নয়, সে জাতি মনে এবং শিক্ষার মানে বড় হতে পারে না। কারণ আজকের শিশু আগামী দিনের সম্পদ। বঙ্গবন্ধু শিশুদের অনেক ভালোবসতেন, তার ভেতর একটা শিশুসুলভ পবিত্র মন ছিল'।

সভাপতির বক্তব্যে লায়ন নুরুল আলম বলেন, 'শিশুরা সংসার এবং সমাজের নিয়ামক শক্তি। ছোট ছোট গ্রহগুলো যেমন সূর্যের কাছাকাছি অবস্থান পায়, তেমনি ছোট ছোট শিশুরা আল্লাহর কাছাকাছি সান্নিধ্য পায়। শিশুদের ভালোবাসতে হবে এবং সামনের পথচলায় তাদের এগিয়ে দিতে হবে'।

আরও পড়ুন:  জেনেভায় জাতীয় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপিত

অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এবং বঙ্গবন্ধু জীবনের নানাদিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিলো শিশু কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংষ্কৃতিক প্রতিযোগিতা। এর বিজয়ীরা অর্জন করে বিভিন্ন পুরস্কার। 

ইত্তেফাক/জেডএইচডি