বগুড়ার ধুনট সদরের পৌর বাজারে প্রায় ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়। সোমবার সকাল ৮টার দিকে এই মাছটি বাজার থেকে ক্রয় করেন সীমান্ত বাজার এলাকার ব্যবসায়ী কেরামত উল্লাহ সরকার।
পৌর বাজরের নিমাই চন্দ্র হাওয়ালদার জানান, রবিবার দিবাগত রাতে ধুনট উপজেলার যমুনা নদীর শহড়াবাড়ি ঘাট এলাকায় বোয়াল মাছটি হারান মাঝির জালে ধরা পড়ে। সকালে এই মাছটি পৌর বাজারে বিক্রির জন্য আনেন তিনি।
বাজারে বড় আকারের বোয়াল মাছটি দেখার জন্য মানুষের ভিড় জমে ওঠে। অনেকেই মাছের দরদাম করেন। প্রথম দিকে প্রতি কেজি দুই হাজার টাকা দরে বোয়াল মাছের দাম হাকেন ৩০ হাজার টাকা। পরে এক হাজার ৫০০ টাকা কেজি দরে বোইল মাছটি ২২ হাজার বিক্রি করা হয়।
ধুনট পৌরসভার বাজার পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে বাজারে বাঘাইড়, পাংগাস ও বোয়াল মাছসহ নানা জাতের মাছ উঠছে। এই মাছগুলো যমুনা নদী থেকে ধরেন জেলেরা। তবে অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে যমুনায় বড় আকারের মাছ বেশি ধরা পড়ছে।
ইত্তেফাক/কেকে
