এর আগেও খুচরো ঝড়ঝাপটায় ভালোবাসার ডিঙিখানা টলোমলো হয়েছে তাদের। কিন্তু সে সব বুক পেতে সামলে নেয়ায় ভাঙনের করুণ রাগিণী শোনা যায়নি। এবার বুঝি আর রক্ষা নেই, ভাঙছে পাড়, শোনা যাচ্ছে সেই ধ্বনি।
জোর গুঞ্জন, শক্ত করে হাল ধরা বা কষে পাল বাঁধার পরও তলিয়ে যাচ্ছে পপ গায়িকা শাকিরা এবং জনপ্রিয় ফুটবল তারকা জেরার্ড পিকের সংসার।গুঞ্জনকারীদের দাবি, শাকিরা-পিকের সম্পর্কটা নাকি খাদের কিনারে দাঁড়িয়ে আছে।পলকা বাতাসেই ঘটবে পতন!
সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে সমস্ত আসন্ন শো বাতিল করেছেন শাকিরা। এমনকি, গত কয়েকদিন ধরে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পিকের সঙ্গে কোনো ছবিও পোস্ট করেননি গায়িকা। অথচ, এই কাজটা তিনি নিয়ম করেই করে থাকেন। দিন দুই আগে পপ গায়িকা প্রকাশ্যে তার এবং পিকের সম্পর্ক নিয়ে কিছু নেতিবাচক কথা বলেছেন, যা বিচ্ছেদের গুঞ্জনকে আরও জড়ালো করেছে।
IMG0
সূত্র বলছে, পিকের কিছু স্বভাবগত দোষের জন্য তার প্রতি মারাত্মক বিরক্ত ও ক্লান্ত শাকিরা। মানসিক অবসাদও পেয়ে বসেছে তাকে। আর তাই ছেড়ে দিচ্ছেন হাল।
সূত্রের দাবি, পিকে নাকি তার সঙ্গিনীর অন্য কোনো পুরুষের সঙ্গে মিউজিক ভিডিও করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন। আর এখান থেকেই নাকি একে অপরের থেকে দূরে থাকা শুরু করেছেন।
তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি এই তারকা জুটির কেউ-ই।
IMG1
দুজনের যুগল পথচলা শুরু হয় ২০১০ সালে, সে বারের বিশ্বকাপ ফুটবলের 'থিম সং'য়ের মিউজিক ভিডিও শুটের সময়। বর্তমানে মিলন এবং সাসা নামে দুটি সন্তানও আছে তাদের। গুজব বলছে, শিগগিরই তাদের সংসারে আসতে চলেছে তৃতীয় সন্তান। এই অবস্থায় আবার শোনা যাচ্ছে, ভাঙনের সুর বাজছে শাকিরা-পিকের সংসারে।
ইত্তেফাক/এএম
