নওগাঁয় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৪:০০
 
নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।  সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
 
নিহত সাহেরা বিবি (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। তার স্বামী জেলার পত্নীতলা উপজেলার ভাবিচা গ্রাামের জামানের ছেলে মাসুদ পারভেজ (২৬)।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বছর আগে মাসুদ পারভেজের সাথে সাহেরার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ শুরু হয়। কয়েকদিন আগে সাহেরা তার পালিত মা নুরহাজানের বাড়িতে চলে আসেন। আজ সকালে মাসুদ নুরহাজানের বাড়িতে এসে ধারালো চাকু দিয়ে সাহেরাকে গলা কেটে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
 
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাবেরুল হক জানান, স্বামী মাসুদ পারভেজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস