মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনো ছুটিছাটা ছাড়াই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তিনি। আর এ কাজের জন্য নিয়ম রক্ষার্থে বছরে মাত্র ১ ডলার নেবেন। এবং, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য নির্ধারিত ৪ লাখ ডলার সরকারি বেতন নেবেন না তিনি।
রবিবার সিবিএস টেলিভিশনের '৬০ মিনিটস' নামের এক অনুষ্ঠানে ট্রাম্পকে প্রেসিডেন্টের বেতন নেবেন কিনা এমন প্রশ্ন আবারও করা হলে তিনি বলেন, 'না, আমি বেতন নেবো না। আইন অনুযায়ী আমাকে ১ ডলার নিতেই হবে। সেটা আমি বছরে একবার নেব। তবে আমি জানি না, ওইটা বেতন কিনা।'
ওই সময় তিনি আরও জানান, প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে কোনো ছুটিছাটাও নেবেন না তিনি।
২০১৫ সালের সেপ্টেম্বরে নিউ হ্যাম্পশায়ারে দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, 'আমি প্রথমেই বলে নিতে চাই, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে আমি কোন বেতন নেব না। এটা আমার জন্য বড় কোন বিষয় নয়।'
নির্বাচিত হওয়ার পর তার ওই ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে আলোচনা শুরু হয়। এতে দিন দুই আগে টুইটারে এক প্রশ্ন-উত্তর পর্বে ট্রাম্প আবারও বেতন না নেয়ার ঘোষণা দেন।
সিবিএস টেলিভিশনের অনুষ্ঠানে ওই একই কথা জানান তিনি। পাশাপাশি এটাও বলেন, 'সামনে অনেক কাজ পরে আছে। ওই সব কাজ করে যেতে চাই। আর ওই সব কাজ করতে হলে ছুটিছাটা নেয়ার সুযোগই নেই এবং আমি সেটা নিতেও চাই না।' খবর- টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভির।
ইত্তেফাক/এএম
