রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৪) হত্যা মামলায় একমাত্র আসামি ওবায়দুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
সোমবার ঢাকার মহানগর হাকিম দেবব্রত শিকদারের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আলী হোসেন। এই মামলায় ২৬ জনকে সাক্ষি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর কাকরাইলে বখাটে ওবায়দুলের ছুরিকাঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ আগস্ট তার মৃত্যু হয়। তার বাবা মো. রমজান আলী একজন কেবল ব্যবসায়ী। রাজধানীর বংশালে তারা সপরিবারে বসবাস করেন।
এ ঘটনায় স্কুলছাত্রীর মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।আসামি ওবায়দুল ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার ছিল।
গত ৩১ আগস্ট সকালে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ওবায়দুলকে গ্রেফতার করে ঢাকায় আনে পুলিশ।
ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে। পরের দিন তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডের প্রথম দিন ওবায়দুল খান রিশাকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। ওবায়দুল বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
ইত্তেফাক/এএম।
