নেত্রকোনা পৌরসভা কর্তৃক শহরের মোক্তারপাড়ার মগড়া সেতু সংলগ্ন স্থান থেকে শহীদ মিনার মোড় পর্যন্ত ৭৫০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু করেও মাঝপথে বন্ধ থাকায় পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন হচ্ছে। নিত্য ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে স্কুলগামী ছোট শিশুদের চলাচলে নানান সমস্যা হচ্ছে। গত দুই মাসে ড্রেনে পড়ে গিয়ে অনেকেই আহত হয়েছে।
নেত্রকোনা পৌরসভা সূত্রে জানা গেছে— পানি নিষ্কাশনের জন্য নেত্রকোনা পৌরসভা মোক্তারপাড়াস্থ মগড়া সেতু এলাকা থেকে শহীদ মিনার মোড় পর্যন্ত ৭৫০ মিটার দীর্ঘ ৬ ফিট প্রশস্ত পাকা সেতুর নির্মাণকাজ শুরু করে গত ফেব্রুয়ারি মাস থেকে। ২ মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ থাকলেও ১০ মাস পার হতে চললেও কাজ শেষ হওয়া কোনো নাম নেই। আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় বোর্ডিং সংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের জন্য পুরাতন ড্রেন ভেঙে মাটি কাটা হয়। কিন্তু মাটি কাটার পর পাকা করার কাজ বন্ধ রয়েছে। ঠিকাদার কাজ করছেন না।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে— ঠিকাদার কাজ করতে চাইলেও ড্রেন নির্মাণ করার জায়গা নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। সে কারণেই ড্রেন নির্মাণকাজ বন্ধ।
এ দিকে, শহরের প্রধান ও ব্যস্ত সড়কটির ওপর ড্রেনের মাটি রাখায় এবং কাঁচা ড্রেনের মুখ খোলা থাকায় যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি পথচারীদের চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে।
ইত্তেফাক/এএন
