আগামী ১৭ নভেম্বর ঢাকা সেনা জাদুঘর প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক উয়ীভার্স ফেস্টিভ্যাল। এ উপলক্ষে গত ৮ নভেম্বর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় টিএস ইভেন্টস ও রিলাস ফ্যাশন বুটিক। বাংলাদেশের দেশীয় তাঁত শিল্পের ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন হচ্ছে।
প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক উয়ীভার্স ফেস্টিভ্যাল’-এ বাংলাদেশসহ ৫টি দেশের ২৫ জন ডিজাইনার তাদের সৃষ্টিকর্মকে তুলে ধরবেন বলে জানিয়েছেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফেস্টিভ্যাল আয়োজক টুটলি রহমান, রিলাস ফ্যাশন বুটিকের ম্যানেজিং ডিরেক্টর মানতাশা আহমেদ, টাঙ্গাইল কুটিরের মুনিরা এমদাদ, পূর্বাণী হোটেলের চেয়ারপার্সন জয়নাল রহমান, ঢাকা ব্যাংকের হেড অব মার্কেটিং খন্দকার আনোয়ার এহতেশাম ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এডিশনাল ম্যানেজার মো. হাশেম চৌধুরী। এই ফেস্টিভ্যালের বিভিন্ন কর্মসূচির মধ্যে হ্যান্ডপলুম মক ভিলেজ প্রদর্শনী, অ্যানিমেশন ও অমিতাভ রেজা কর্তৃক ডকুমেন্টারি ফিল্মের প্রদর্শনী এবং খাদি, গামছা, মসলিন, বেনারসি, জামদানি, ট্রাইবাল ইত্যাদি বিষয়ে স্বনামধন্য ডিজাইনারদের প্রদর্শনী। সেইসঙ্গে রয়েছে কালচারাল শো, তাঁতিদের সম্মাননা, কনসার্টসহ আরও অনেক কিছু। ফেস্টিভ্যালের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, ক্যানভাস, আইস টুডে, স্বাধীন রেডিও ও ব্রডকাস্ট পার্টনার আরটিভি।
আন্তর্জাতিক উয়ীভার্স ফেস্টিভ্যাল ২০১৬
স্থান : আর্মি মিউজিয়াম, ঢাকা
তারিখ : ১৭-১৯ নভেম্বর, ২০১৬
ফিচারিং জামদানি : ১৭ নভেম্বর রাত ৮টা ১৫ মিনিট
মসলিন রিলোডেড : ১৮ নভেম্বর রাত ৯টায়
IMG0
জননন্দিত ফ্যাশন ডিজাইনার টুটলি রহমান জানান, ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্পের অবস্থা খুবই করুণ। যন্ত্রচালিত তাঁতের সঙ্গে টিকতে না পেরে বিলুপ্তির পথে শিল্পটি। যে ক’জন এ হস্তচালিত তাঁত শিল্পকে আঁকড়ে ধরে আছেন, তাদের যুদ্ধ করতে হচ্ছে উচ্চমূল্যের কাঁচামাল আর কমতির দিকে থাকা চাহিদার সঙ্গে। এসব কারণে অনেকেই ছেড়ে দিচ্ছেন পূর্ব পুরুষের রেখে যাওয়া কাজের ধারা ও ঐতিহ্য। এরকম বিশাল আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের কাজ এবং তাঁতিদের উত্সাহিত করার মধ্যে দিয়ে এখনো তাঁত শিল্পের বিকাশের সুযোগ রয়েছে—এই বিশ্বাস রেখেই আমাদের এই উদ্যোগ।
আন্তর্জাতিক উয়ীভার্স ফেস্টিভ্যাল ২০১৬-তে প্লাটিনাম স্পন্সর হিসেবে আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। সংবাদ সম্মেলনে ব্যাংকের পক্ষ থেকে ফেস্টিভাল আয়োজকদের হাতে ১০ লাখ টাকার চেক প্রদান করে।
তিন দিনব্যাপী এই ফেস্টিভ্যাল জনসাধারণের জন্য উন্মুক্ত। তবে সহজ ডট কম-এর মাধ্যমে অবশ্যই দর্শনার্থীদের নিবন্ধন করতে হবে, যা সম্পূর্ণ ফ্রি।
ইত্তেফাক/আরএ
