দিনাজপুরের হিলি সীমান্তে ফেন্সিডিল আটককে কেন্দ্র করে বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক চোরাকারবারী গুলিবিদ্ধ ও দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত তিনটায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শাওন হোসেন (৩২) হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) গ্রামের ঘুটু মিয়ার ছেলে। আহত বিজিবি সদস্য ইউসুফ আলী ও মোস্তাক আহম্মেদ হিলির বাসুদেবপুর বিজিবি ক্যাম্পে কর্মরত।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, রাত সাড়ে তিনটার দিকে ৩০ থেকে ৩৫জনের একটি চোরাকারবারী দল ভারত থেকে চোরাপথে ফেন্সিডিল নিয়ে উপজেলার বোয়ালদাড় পোল্ট্রি খামারের পাশ দিয়ে যাচ্ছিল। এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে ইউসুফ আলী ও মোস্তাক আহম্মেদ নামের দুই বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাঁচ রাউন্ড গুলি ছুড়লে শাওন নামের এক চোরাকারবারী গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ছয়টি পোটলায় ২১৩ বোতল ফেন্সিডিল, একটি রামদা ও দুইটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক এএনএম রাশেদুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ শাওন হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুই বিজিবি সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হচ্ছে।
ইত্তেফাক/এএসএস
