ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য

মাগুরায় জামায়াত নেতার ছেলে গ্রেফতার

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৫:১০
 
ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায়  মাগুরায় জামায়াত নেতার ছেলে এনজিও কর্মকর্তা আহমেদ সবুজ (৩০)-কে গ্রেফতার  করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
 
গ্রেফতারকৃত সবুজ মাগুরার মহম্মদপুর উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম আকবরের ছেলে । 
 
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম আকবরের  ছেলে আহমেদ সবুজ বিভিন্ন সময়ে তার ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এই অভিযোগ এনে মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক  আল ইমরান তার বিরুদ্ধে মহম্মদপুর থানায় বাদী হয়ে আহমেদ সবুজকে আসামি করে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে। সবুজ একটি এনজিওতে বরগুনায় চাকরি করতেন । সোমবার রাতে মহম্মদপুর থানা পুলিশ তাকে বরগুনা থেকে গ্রেফতার করে মহম্মদপুর থানায় নিয়ে আসে । তাকে মঙ্গলবার দুপুরে মাগুরা আদালতে পাঠানো হয়েছে। 
 
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সবুজকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস