কাল তৌসিফের ‘ক্রিকেট ফ্যানস ক্লাব’

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৫:২২
দেশের অলিগলি, মাঠ-ঘাট সবখানেই ক্রিকেট আর ক্রিকেটীয় উন্মাদনায় ভরপুর। চায়ের দোকান থেকে শুরু করে কর্পোরেট অফিস, সব জায়গায় মোটামুটি ক্রিকেট এখন আলোচনার বিষয়বস্তু। 
 
এই ক্রিকেট উন্মাদনা থেকে নির্মিত হলো বিশেষ টেলিফিল্ম ‘ক্রিকেট ফ্যানস ক্লাব’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার শুভ। জুঁইফুল চলচ্চিত্র নিবেদিত ও ওপেন ইউন্ডো প্রযোজিত এই টেলিছবিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। আর তৌসিফের সঙ্গে এখানে দেখা যাবে লাক্স  তারকা নীলা'কে। 
 
নাটকটির গল্পে দেখা যাবে দুই ক্রিকেট দল নোমান ও জাফরের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে আবর্তিত ঘটনা। সাকিব আল বাহার নামক যশোরের নাম্বার ওয়ান অলরাউন্ডারকে দুই দলই পেতে মরিয়া, কিন্তু খেলার আগের দিন পালিয়ে যায় সাকিব। এমন হাস্যরসের গল্পে ‘ক্রিকেট ফ্যানস ক্লাব’ নির্মাণ করা হয়েছে। 
টেলিছবিটি নিয়ে তৌসিফ বলেন, মজার গল্পে নাটকটি তৈরি হচ্ছে। আশা করছি দর্শকেরা বেশ উপভোগ করবেন। নাটকটিতে আরো অভিনয় করেছেন কচি খন্দকার, তারিক স্বপন, জামিল হোসেন প্রমুখ।
 
আগামীকাল ১৬ নভেম্বর বুধবার, দুপুর ২টার সংবাদের পর নাটকটি দেখা যাবে চ্যানেল আইতে। 
 
ইত্তেফাক/এমএআর