ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে জহিরুল হক (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত প্রায় আটটার দিকে সদর উপজেলার দারিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল হক সদর উপজেলার পয়াগ গ্রামের আবু নাথের ছেলে। তিনি পৌর-শহরের জগত বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় জগত বাজারের দোকান বন্ধ করে জহিরুল হক ও তার ভাই কবির হোসেনকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দারিয়াপুর এলাকায় আগে থেকে ওঁত্ পেতে থাকা একদল দুর্বৃত্ত অটোরিকশাটি আটক করে জহিরুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জহিরুলের ভাই কবির হোসেনও আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এ ঘটনার স্থানীয়রা দুই দুর্বৃৃত্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের এসআই মো. সোহাগ রানা জানান, পয়াগ গ্রামের সিরাজ মেম্বার ও বসু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ হত্যাকান্ডর ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত জহিরুল হক সিরাজ গ্রুপের সমর্থক ছিলেন।
ইত্তেফাক/এএম।
