রাজশাহীতে লিফট ছিড়ে ১৭ কলেজছাত্রী আহত

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৮:১১
রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের লিফট ছিড়ে ১৭ ছাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহানগরীর উপকণ্ঠ নওদাপাড়া এলাকার কলেজ ও হাসপাতাল ভবনে এই দুর্ঘটনা ঘটে।
 
আহতরা সবাই মেডিকেল কলেজের এমবিবিএস নবম ব্যাচের শিক্ষার্থী। তাদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
হাসপাতালের মানবসম্পদ কর্মকর্তা জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইন্টার্ন চিকিৎসক হিসেবে দুপুর ১২টা থেকে হাসপাতালের পঞ্চম তলায় ওই শিক্ষার্থীদের ডিউটি ছিল। এর কয়েক মিনিট আগে নিচতলায় প্রায় ২০ জন ছাত্রী লিফটে ওঠেন। আড়াইতলা ওঠার পর লিফটি ছিড়ে মাটিতে পড়ে যায়। এতে অন্তত ১৭ ছাত্রী আহত হন।
 
তিনি জানান, লিফটের ধারণ ক্ষমতা মাত্র আটজন। কিন্তু একই ব্যাচের শিক্ষার্থী হওয়ায় তারা হুড়োহুড়ি করে সবাই মিলে লিফটে উঠে গিয়েছিলেন। ফলে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কারও পা মচকে গেছে, কেউ হাতে-পায়ে-কোমরে ব্যাথা পেয়েছেন এবং কয়েকজনের মাথা ফেটে গেছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান মানবসম্পদ কর্মকর্তা জাহিদ হাসান।
 
ইত্তেফাক/এমএইচ