রাজধানীতে পৃথক অভিযানে বনানীর স্টার কাবাবসহ সাত প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এপিবিএন-৫ এর সিনিয়র এএসপি (মিডিয়া) আমিরুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন করায় মঙ্গলবার দুপুরে বনানীর ‘স্টার কাবাব’ এর ব্যবস্থাপক আব্দুর রব সেলিমকে ৭৫ হাজার টাকা এবং গুলশান-১ এর ‘লেড ভিউ রিক্রিয়েশন ক্লাব’ এর ব্যবস্থাপক হেমায়েত উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।
রামপুরার ডিআইটি রোডে ‘মিঠাই স্বাদে ঐতিহ্য’ অস্বাস্থ্যকর খাবার বিক্রি করায় ব্যবস্থাপক নাদিয়া মাহবুব শশীকে ১৫ হাজার টাকা এবং ‘ইউনিক ডিপার্টমেন্টাল স্টোর’ খাবার পণ্যের মোড়কের গায়ে মূল্য, উত্পাদন এবং মেয়াদ উর্ত্তীণের তারিখ লিপিবদ্ধ না থাকায় ব্যবস্থাপক মোজাম্মেল হককে ১০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।
এছাড়াও শান্তিনগরের নিউ বেইলি রোডে বিএসটিআই অনুমোদনহীন বিভিন্ন পণ্য মজুদ ও বিক্রি করায় ‘আমাজিং ডিসকাউন্ট’ এর ব্যবস্থাপক বাদশা আলমগীরকে ৩০ হাজার টাকা; ‘ষ্টার ডাস্ট’ এর ব্যবস্থাপক কবির হোসেনকে ১ লাখ টাকা এবং ‘স্টার ওয়াল্ড’ এর ব্যবস্থাপক হারুনুর রশিদকে ১ লাখ টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত-ই-জাহান।
ইত্তেফাক/এএম।
