কুষ্টিয়ার মিরপুরে প্রতিবন্ধী কিশোরীর ইজ্জতের মূল্য ২০ হাজার টাকা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ০০:০৬

কুষ্টিয়ার মিরপুরে গ্রাম্য সালিশে ধর্ষিতা এক প্রতিবন্ধী কিশোরীর ইজ্জতের মূল্য ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতা প্রতিবন্ধীর পিতা বাদী হয়ে ১৪ নভেম্বর মিরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

 
বাদীর এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিরহাট ক্যানেলপাড়ার আব্দুল খালেকের বুদ্ধি প্রতিবন্ধী (১৭) মেয়েকে ঘর ঝাড়ু দেয়ার কথা বলে প্রতিবেশি ইসলামের ছেলে বাবু ওরফে ভুলা (১৯) ডেকে নিয়ে যায়। পরে বাবু ওরফে ভুলা এবং ছাবদুলের ছেলে কটা (২২) ওই প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
 
বিষয়টি প্রকাশ পেলে স্থানীয় মাতুব্বর আরব আলী, জানে আলম, লিয়াতক খান, আব্দুল হান্নান মন্ডল গ্রাম্য সালিশের মাধ্যমে ওই প্রতিবন্ধী কিশোরীর ইজ্জতের মূল্য অভিযুক্ত ধর্ষকদের কাছ থেকে ১০ হাজার করে ২০ হাজার টাকা নির্ধারণ করে। পরে জরিমানার টাকা কথিত বিচারকরা ভাগবাটোয়ারা করে নেয় বলে অভিযোগ উঠেছে।
 
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
 
ইত্তেফাক/এএন