আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা একাত্তর ও পঁচাত্তরের খুনিদের অশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদের এদেশের জনগণ আর কখনো ভোট দেবে না। গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আর যাই হোক খুনিদের কোনো দিন ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। ‘সরকার সমাবেশ করতে দিচ্ছে না’ মর্মে সম্প্রতি বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন তো আমাদের মিছিল করতে দেননি। আমরা সব বাধা ভেঙে সমাবেশ করেছি।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন বীর বিক্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক দিদার আলী প্রমুখ।
প্রতিটি হাসপাতালে
জনগণ আধুনিক চিকিত্সা পাবে
মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রতিটি হাসপাতালে জনগণ আধুনিক চিকিত্সা পাবে, এই তথ্য সকলের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপর চাপ কমাতে অন্যান্য হাসপাতালগুলোতে যাওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘নেগলেকটেড ট্রপিক্যাল ডিজিজেস এন্ড লেপ্রোসী রিসার্চ’ শীর্ষক পরামর্শমূলক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরে সচিবালয়ে স্বাস্থ্যখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী।
ইত্তেফাক/এএন
