নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তালিকায় বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভির নাম নেই। মহানগর আওয়ামী লীগ গত রাতে এক সভায় দলীয় প্রার্থী হিসাবে আনোয়ার হোসেনের নাম চূড়ান্ত করেছে। তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি। গত মেয়র নির্বাচনে তিনি আইভির পক্ষে সোচ্চার ভূমিকা রাখেন। এদিকে সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী আনোয়ার হোসেনের পাশাপাশি আরো দুজনের নাম আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে প্রেরণের সিদ্ধান্ত হয়েছে। এরা হলেন— সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মুজিবুর রহমান ও বন্দর থানা সভাপতি আব্দুর রশিদ।
এ বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিনা হায়াত আইভির প্রতিক্রিয়া জানার চেষ্টা করেও পাওয়া যায়নি। তার মোবাইল ফোনগুলো বন্ধ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সার্কিট হাউজে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। যদিও এই সিদ্ধান্তে অনেকেরই দ্বিমত রয়েছে। এর আগে গত জুনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় মেয়র প্রার্থী হিসেবে দলের মহানগর সভাপতি আনোয়ার হোসেনের নাম ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। এরই ধারাবাহিকতায় গতকাল এই সিদ্ধান্ত এলো। কিন্তু নির্বাচনে মেয়র পদের অন্যতম দাবিদার আইভি রহমান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজেট অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি মেয়র প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছিলেন। আইভি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। গত নির্বাচনে শামীম ওসমানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। তখন নির্বাচন নির্দলীয় ছিল। এবার দলীয় ভিত্তিতেও প্রতীকে নির্বাচন হচ্ছে।
বিএনপি এখনো নির্বাচনের প্রস্তুতি শুরু করেনি। তাদের সাম্ভ্যব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিগত নির্বাচনের প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহানগর বিএনপি নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও এডভোকেট সুলতান মাহমুদ।
জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে কিনা এখনো সে সিদ্ধান্ত নেয়নি। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরীও জাপার মেয়র প্রার্থী হতে চান।
ছোট দলগুলোর মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী হিসেবে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আতাউর রহমান নান্নু মুন্সী, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে আগ্রহী।
গত সোমবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট।
৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচার
সামগ্রী সরানোর নির্দেশ ইসির
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণামূলক পোস্টার, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, দেয়াল লিখন ও লিফলেটসহ সবধরনের প্রচারসামগ্রী নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ৪৮ ঘণ্টার মধ্যে এ কাজ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসি। আগাম প্রচারণা চালিয়ে কেউ প্রার্থী হলে তাদের বিরুদ্ধে প্রার্থী হওয়ার পরই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। গতকাল মঙ্গলবার ইসি থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র সত্যায়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও তার নমুনা স্বাক্ষর জমা দিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সাতদিনের মধ্যে এটা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের পাশাপাশি ইসিতেও একটি কপি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ইত্তেফাক/এএন
