বোরহান উদ্দিন বিদ্যালয় ভবন পরিত্যক্ত খোলা আকাশের নীচে পাঠদান

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ০১:০৯

গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের বোরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি তিন বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে; কিন্তু এ দীর্ঘ সময়েও নতুন ভবন নির্মাণ না হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা পরিত্যক্ত ভবনে ক্লাস করতে পারছে না। তাই বাধ্য হয়েই শিক্ষকরা খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টির মধ্যে গত এক মাস ধরে পাঠদান চালাচ্ছেন।

 
১৯৮৮ সালে গৌরীপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় বোরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকরা জানান, কয়েক বছর আগে সর্ব প্রথম বিদ্যালয় ভবনের ছাদে ফাটল দেখা দেয়। এরপর থেকে বিভিন্ন সময় ভবনের চারটি কক্ষের ছাদসহ দেয়ালের পলেস্তারা খসে পড়া, ভিমসহ একাধিক স্থানে ফাটল দেখা দেয়ায় শিক্ষার্থীদের মধ্যে ভবন ধসের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২০১৩ সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর সারাদেশে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হলে তত্কালীন সময়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বিদ্যালয়ের একমাত্র ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে; কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় সেই থেকে ঝুঁকি নিয়েই বিদ্যালয় ভবনটিতে কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া বলেন, বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মাঠে শিক্ষার্থীদের পাঠাদান করানো হচ্ছে। এ অবস্থায় আকাশে মেঘ জমলেই শিক্ষার্থীরা বিদ্যালয় ছেড়ে চলে যায়। তিনি আরো বলেন, ভবন সংস্কারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তবে এখনো পদক্ষেপ নেয়া হয়নি।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ বলেন, ইতোমধ্যে বিদ্যালয় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নতুন ভবনের জন্য অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব পাঠানো হবে।
 

ইত্তেফাক/এএন