ঝালকাঠির রাজাপুর-কাঁঠালিয়া-আমুয়া সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ এবং কয়েক স্থানে ভেঙে খালে যাওয়ায় সংকীর্ণ হয়ে প্রায় আড়াই মাস ধরে বাসসহ ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে এ অঞ্চলের সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে টেম্পু, নছিমন, করিমন, আটোরিকশা কিংবা মোটর সাইকেলে যাতায়াত করছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
অন্যদিকে পণ্য পরিবহন বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়ক নির্মাণ এবং সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তবে সড়কটি সংস্কারের কাজ হাতে নেয়া হয়েছে বলে সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে।
রাজাপুর-কাঠালিয়া-আমুয়া-বামনা-পাথরঘাটা সড়কে প্রতিদিন দক্ষিণাঞ্চলের কয়েক হাজার যাত্রী যাতায়াত করে। এ সড়কের রাজাপুর-কাঠালিয়ার-আমুয়া ৩৭ কি.মি অংশে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত ও খানাখন্দকসহ কোথাও কোথাও ভেঙে খালে পড়ে যাওয়ায় সংকীর্ণ হয়ে গেছে। ফলে দীর্ঘ আড়াই মাস ধরে এ সড়কে বাসসহ ভারি যান চলাচল বন্ধ রয়েছে। এতে এসব এলাকার মানুষকে পিরোজপুরের ভাণ্ডারিয়া হয়ে ঘুরে যাত্রী ও পণ্য পরিবহন করতে হচ্ছে। যাতে অর্থ এবং সময়ের অপচয় হচ্ছে। ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ সাহেদ জানান, সংস্কারের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুত কাজ শুরু করা হবে।
ইত্তেফাক/এএন
