বেড়া-সিরাজগঞ্জ-বগুড়া ও পাবনা রুটে বাস চলাচল বন্ধ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১০:২৪
পাবনা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ (নগরবাড়ী),  জেলা বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে ছয়দিন ধরে  বেড়া উপজেলার নগরবাড়ী-বগুড়া ভায়া সিরাজগঞ্জ রুটে ও কাজীরহাট-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
 
জানা গেছে, মালিক সমিতির গাড়ি চলাচল নিয়ে কোন্দল, সিরিয়াল ভঙ্গ ও শ্রমিক মারপিটের ঘটনাকে কেন্দ্র করে  চলতি বছরে ওই দুই রুটে ৫ম বার ধর্মঘট ডাকা হলো। এ ঘটনায় বেড়া, পাবনা ও শাহজাদপুর এলাকার বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ ও দোষারোপ করে তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। আর আর্থিক দুরাবস্থায় পড়েছেন বাস শ্রমিকরা।
 
নগরবাড়ীর বাস মালিক ও শ্রমিকরা জানান, প্রতিদিন প্রায় ৪০টি গাড়ি নগরবাড়ী থেকে সিরাজগঞ্জ-বগুড়ায় এবং ৫০টি গাড়ি কাজীরহাট থেকে পাবনায় যাতায়াত করে থাকে। নগরবাড়ির গাড়ি চলাচলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর মোটর মালিক সমিতি বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ১১ নভেম্বর শাহজাদপুর মোটর মালিক সমিতি ও শাহজাদপুর বাস শ্রমিক ইউনিয়নের নেতারা নগরবাড়ির বাস আটকে দেয়। পরের দিন ১২ নভেম্বর কাজীরহাটের বাসগুলোকে পাবনার বাস মালিক-শ্রমিকরা আটকে দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাক্বিতণ্ডা হয়। এরপর থেকে বেড়া-নগরবাড়ী-কাজীরহাট থেকে পাবনা-সিরাজগঞ্জ-বগুড়ায় সকল গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়।
 
পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি শাহ আলম মুক্তি বলেন, ‘নগরবাড়ি এলাকার সকল গাড়ি শাহজাদপুর-উল্লাপাড়া হয়ে বগুড়ায় যাতায়াত করে থাকে। উল্লাপাড়ায় মোটর শ্রমিকরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই এ দিকের গাড়িগুলোকে উল্লাপাড়ায় আটকে দেয়।  তাই আমরাও বাধ্য হয়ে সিরাজগঞ্জ ও বগুড়ার গাড়িগুলো বেড়া, নগরবাড়ি ও কাশীনাথপুরে ঢুকতে দিচ্ছি না।’
 
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের (নগরবাড়ী) সেক্রেটারি গোলাম নবী রতন জানান, পাবনার বাস শ্রমিকরা বেড়া এলাকার শ্রমিকদের সঙ্গে প্রায়ই খারাপ ব্যবহার করে। পাবনা থেকে বিভিন্ন সময়ে গাড়ি যাত্রা করার সিরিয়াল ভঙ্গ করা হয়। এসব নিয়ে প্রায়ই বাক্বিতণ্ডা হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ