আজ সুভাষ দত্তের মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৩:৪৮
চলচ্চিত্র অঙ্গনে প্রখ্যাত নাম সুভাষ দত্ত। একজন অভিনেতা, একজন সফল পরিচালক তিনি। সুচন্দা, উজ্জ্বল, শর্মিলী আহমেদ, ইলিয়াস কাঞ্চন,কবরী, আহমেদ শরীফের মতো অভিনয় শিল্পীরা এসেছিলেন এই নির্মাতার হাত ধরে। ২০১২ সালের ১৬ নভেম্বর তিনি দুনিয়াকে বিদায় জানান। আজ এই দিনটি চারবছর অতিবাহিত হয়েছে।  
 
পেশাগত জীবন শুরু হয় একজন কমার্শিয়াল শিল্পী হিসেবে। ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ দেখেই চলচ্চিত্র নির্মাণে আসতে চান। এহতেশামের ‘এ দেশ তোমার আমার’ ছবিটিতে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি। এভাবে তার কয়েক বছর কেটে গেছে। 
 
এরপর কেটে যায় বেশ কয়েক বছর। অভিনয় ছেড়ে নির্মাণে আসতে আনচান করে ওঠে সুভাষ দত্তের মন। আর তা বাস্তবায়নে ১৯৬৪ সালের ২৩ এপ্রিলে মুক্তি পায় প্রথম চলচ্চিত্র ‘সুতরাং’। শুরুতেই সিনেমাটি হিট। এখানে অভিনেত্রী হিসেবে আসেন কবরী, তিনিও পেলেন সফলতা। 
 
তার কাজের মধ্যে উল্লেখযোগ্য: সুতরাং, কাগজের নৌকা, আয়না ও অবশিষ্ট, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আবির্ভাব, বলাকা মন, সবুজ সাথী, বসুন্ধরা, সকাল সন্ধ্যা, ডুমুরের ফুল, নাজমা, স্বামী-স্ত্রী, আবদার, আগমন, শর্ত, সহধর্মিণী, সোহাগ মিলন, পালাবদল, আলিঙ্গন, বিনিময়।
 
টানা দীর্ঘ সময় তিনি এই শিল্পে কাজ করে গেছেন। কাজের স্বীকৃতিতে পেয়েছেন পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৯৯ সালে একুশে পদকও অর্জন করেন। 
 
ইত্তেফাক/এমএআর