দুবাইতে ধর্ষণের শিকার হয়ে শরিয়াহ আইনে ধর্ষিতার শাস্তি!

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৩:৫৮
 
দুবাইয়ে বেড়াতে এসে গণধর্ষণের শিকার এক ব্রিটিশ নারী বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো পর উল্টো তার বিরুদ্ধে 'বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক' স্থাপনের জন্য শরিয়াহ আইনে মামলা করা হচ্ছে। এক্সপ্রেস ডটকম ইউকে জানায়, দেশটিতে বর্তমানে নারীটির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে যা সম্পন্ন হলে তাকে দীর্ঘ দিন কারাগারে থাকতে হবে। অথবা শারীরিক শাস্তিও দেয়া হতে পারে।
 
দেশটির আইন অনুসারে, পুরুষ অভিভাবক ছাড়া কোন নারী কোথাও ভ্রমণ করতে পারেনা। কিন্তু এই নারী দেশটিতে ভ্রমণের জন্য যায় এবং সেখানে যুক্তরাজ্যের দুই যুবক তাকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করা হলে তারা যুক্তরাজ্যের ঐ দুই যুবককে গ্রেফতার না করে নারীটিকে জেলে প্রেরণ করে। এদিকে ধর্ষক ঐ দুই যুবক যুক্তরাজ্যে ফেরত চলে এসেছে বলে জানায় ধর্ষিত নারী।
 
মেয়েটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ধর্ষণের শিকার হয়ে সে একজন 'ভিকটিম' হিসেবে পুলিশের কাছে যায়। আর পুলিশ তাকে অপরাধী হিসেবে গণ্য করে। সে বর্তমানে মামলার খরচ নির্বাহের জন্য ২৪ হাজার পাউন্ড সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বলেও জানায় তারা।
 
জানা যায়, এই দুই যুবকের সঙ্গে একটি পানশালায় দেখা হয় মেয়েটির। তারপর এই দুই যুবক মেয়েটির হোটেলে যায়। সেখানে তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে এবং এই ঘটনার ৫ ঘণ্টা পর দেশটি ছেড়ে চলে আসে। আর পরদিন পুলিশকে বিষয়টি জানালে মেয়েটিকে থানায় আটকে রাখা হয়। তার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়।
 
উল্লেখ্য. শরিয়াহ আইন অনুসারে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কের জন্য পাথর নিক্ষেপ করে হত্যা করার হয় দুবাইতে। এ ছাড়াও অপর এক ক্ষেত্রে দীর্ঘদিনের কারাদণ্ড দেয়ার বিধানও রয়েছে। ২০১৩ সালে নরওয়ের এক নারীকে ১৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
 
ইত্তেফাক/আরএ