উখিয়ায় স্কুলের খেলার মাঠ দখল করলো ভূমিদস্যুরা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৫:৩৪
কক্সবাজারের উখিয়া উপজেলায় এবার শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে নিল স্থানীয় একটি ভূমিদস্যু চক্র। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
উখিয়ার উপকূলীয় এলাকা মাদারবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চেমনবাহান জানান, বিদ্যালয় সংলগ্ন ৪০ শতক বনবিভাগের আবাদি জমিতে শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছিল দীর্ঘদিন ধরে।৮ অক্টোবর স্থানীয় ভূমিদস্যু আজিজুল হক(৪০), জাকের উল্লাহ (৩৫), আব্দুস সালাম (৫২) ও মোহাম্মদ হারুনসহ(২৮) সাত/আটজন ভয়ভীতি দেখিয়ে খেলার মাঠটি জবর দখল করে।
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ঐক্যতাইন চাকমা জানান, বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি দখলকারীদের স্কুলের জমি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়। কিন্তু প্রতিপক্ষরা কর্ণপাত না করে ওই জায়গায় স্থাপনা নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে।
 
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, স্থাপনা নির্মাণে বাঁধা দিতে গেলে দুর্বৃত্তরা শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলার চেষ্টা চালায়। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানার ওসিকে এ ব্যাপারে অভিযোগ দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ