গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া আসামি মো. হাছেন আলীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হাতকড়াটিও উদ্ধার করা হয়।
ঘটনার ৫ দিন পর বুধবার সকালে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা বাজারের রেজাউল করিমের বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করা হয়। এর আগে এ মামলায় হাছেন আলীর স্ত্রী সাফিয়ান বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) রনি কুমার জানান, সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে গত শনিবার রাতে আহত (এস আই) মো. মোজাম্মেল হক বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। বুধবার অভিযান চালিয়ে তাকে বুধবার গ্রেফতার করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, গ্রেফতারকৃত আসামিকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ইত্তেফাক/ইউবি
