বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল আবুল হোসেনের দায়িত্ব গ্রহণ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৯:২০
 
মেজর জেনারেল আবুল হোসেন বুধবার থেকে বিজিবি মহাপরিচালক হিসাবে যোগদান করেছেন। তিনি বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে সকালে দায়িত্বভার গ্রহণ করেন। মেজর জেনারেল আজিজ আহমেদ থেকে লে. জেনারেল পদে পদোন্নতি নিয়ে ময়মনসিংহে সেনাবাহিনীর আরডকের (আর্মি ডকট্রিন্যাল টেনিং কমান্ড) কমানডেন্ট হিসাবে যোগদান করেছেন।
 
এর আগে নবনিযুক্ত মহাপরিচালক সকালে পিলখানায় এসে পৌঁছলে বিজিবি’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর আগে মেজর জেনারেল আবুল হোসেন রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে নিয়োজিত ছিলেন।
 
মেজর জেনারেল আবুল হোসেন ১৯৮১ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট। এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ থেকে এম ফিল (পার্ট-১) সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আজীবন ফেলো এবং এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ, ইউএসএ এর একজন সম্মানিত ফেলো।
 
মেজর জেনারেল আবুল হোসেন সামরিক কর্মজীবনে স্টাফ, প্রশিক্ষক ও কমান্ড পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সেনা সদরের ইঞ্জিনিয়ার ইন চীফ শাখার জিএসও-২ এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষক হিসেবে তিনি স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর সিনিয়র ইনস্ট্রাক্টর ও চীফ ইনস্ট্রাক্টর এর দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে পালন করেন। তিনি কমান্ড পর্যায়ে ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ব্যাটালিয়ন- কুয়েত, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পার্বত্য চট্টগ্রামের চিম্বুক-থানচি রোড কনস্ট্রাকশন প্রজেক্টের প্রজেক্ট অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালক (পূর্ত) ও চীফ ইঞ্জিনিয়ার, ঢাকা সিটি কর্পোরেশনের চীফ ইঞ্জিনিয়ার, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরীর কমান্ডান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সাইয়েন্স এন্ড টেকনোলজি এর কমান্ডান্ট, সশস্ত্র বাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ এবং রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
ইত্তেফাক/এএম।