'যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শিক্ষা নিন' আওয়ামী লীগকে উদ্দেশ্য করে দেওয়া বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'আমিও আপনাদের বলি আপনারাও সে দেশের নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করুন।'
তিনি বলেন, 'সেদেশে ক্ষমতাসীন দলের অধীনে ট্রাম নির্বাচন করে বিজয়ী হয়েছেন। আপনারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ গ্রহণ করুন। যুক্তরাষ্ট্র যদি ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে কেন হবে না? তাই বিএনপি নেতাদের বলি যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে আপনারা শিক্ষা নিয়ে ২০১৯ সালের নির্বাচনে অংশ গ্রহণ করুন। জনগণ যাদের সমর্থন দিবে তারাই বিজয়ী হবে।'
নাসিম বুধবার বিকেলে সেগুনবাগিচাস্থ বিএমএ ভবন মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। জেলহত্যা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাচিপের সহসভাপতি ডা. কনক কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ।
আগামী নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে বিজয়ী করবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন। তাই আগামী নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে।'
মন্ত্রী বলেন 'দেশের মানুষ চায়না যারা একাত্তরের ঘাতক-খুনি ও রাজাকারদের আশ্রয়-প্রশ্রয় দাতারা আবার ক্ষমতায় আসুক। দেশের মানুষ চায় রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে।' তথ্যসূত্র-বাসস।
ইত্তেফাক/এসএস
