রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তা নদীর দুর্গম চরে একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চর বিদ্যানন্দসহ ১০টি গ্রামের প্রায় ১০ হাজার লোককে ভোগান্তি পোহাতে হচ্ছে।
উপজেলা পরিষদ থেকে প্রায় ২০ কি.মি দূরে দক্ষিণে চর বিদ্যানন্দ, চর খিতাবখাঁ, চর পাড়া মৌলা, চর চতুরা, চর হায়বত্ খাঁসহ ১০টি গ্রাম। এখানে ৮ থেকে ১০ হাজার মানুষ বসবাস করে। চরাঞ্চলে গ্রামগুলোর অবস্থান হওয়ায় আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি। গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে একটি খাল। এ খালের উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন গ্রামবাসী।
ওই গ্রামের শফিকুল ইসলাম, আনোয়ার আলী ও আ. সালামসহ অনেকে জানান, খালের উপর বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এটি সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীকে প্রায় ১ কি.মি রাস্তা ঘুরে হাট-বাজার, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হয়। চর বিদ্যানন্দ গ্রামের খালের উপর একটি সেতু নির্মাণ দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর। বিগত তিন/চার বছর যাবত্ সেতুটি এ অবস্থায় পড়ে আছে।
রাজারহাট উপজেলা প্রকৌশলী জিএম আনোয়ারুল ইসলাম জানান, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এএন
