ব্রিজের অ্যাপ্রোচে মাটি না ফেলায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন মানিকগঞ্জের মুলজানবাসী। এ ব্রিজের ওপর দিয়ে যেতে পারে না রিকশা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল, অটো রিকশাসহ কোনো ধরনের যানবাহন। ফলে কয়েক মাইল ঘুরে যেতে হয় এসব যানবাহনকে।
ব্রিজ না থাকায় এলাকার কৃষক তাদের জমির উত্পাদিত ফসল বাজারে নিতে পারছেন না। ফলে পাচ্ছেন না ফসলের ন্যায্যমূল্য। গুরুতর অসুস্থ রোগী নিয়ে যেতে বেশি দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া এ গ্রামে রয়েছে দীঘি ইউনিয়ন পরিষদ, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, ব্যাংক, মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু ব্রিজের দুই প্রান্তে মাটি না থাকার কারণে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয় এখানে আসতে।
মুলজান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আক্কাছ আলী বলেন, ব্রিজের দুই পাশে মাটি না থাকায় শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে আসতে পারে না। তাদের অনেক পথ ঘুরে আসতে হয়। কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে শিক্ষা বার্ষিক পরীক্ষা। দ্রুত ব্রিজের দুই পাশে মাটি ভরাট করে লোকজনের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান তিনি।
মানিকগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া বেগম শিল্পী জানান, ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে বেশ কয়েক মাস আগেই। ব্রিজের উভয় পাশে মাটি ফেলার জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।
ব্রিজ নির্মাণ কাজের ঠিকাদার মো. ইসরাফিল হোসেন জানান, শ্রমিকের অভাবে মাটি ভরাট করা যাচ্ছে না। তবে কয়েক দিনের মধ্যেই ব্রিজের উভয় পাশে মাটি ভরাট করা হবে।
ইত্তেফাক/এএন
