খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৫:৪২
খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ তিনজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রূপসা ও ফুলতলা উপজেলায় এ দুুর্ঘটনা ঘটে। 
 
নিহতেরা হলেন- মাদ্রাসা ছাত্র কাজল শেখ (১৮), নসিমন চালক মিলন শেখ (৪৮) ও শ্রমিক মিজানুর রহমান ওরফে মিজান। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে রূপসা উপজেলার খুলনা-মংলা মহাসড়কের সাউদার্ন সী ফুডের সামনে একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে একটি নসিমনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক মিলন নিহত এবং নসিমন যাত্রী মিজানুর রহমান ওরফে মিজান (৪৮) ও এস্কেন্দার (৪৫) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মিজান মারা যান। নিহত মিলন রূপসা উপজেলার বাগমারা গ্রামের শামসুর রহমানের ছেলে ও মিজান একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। রূপসা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-যশোর মহাসড়কের যুগ্নিপাশা মাদ্রাসার সামনে একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬০৩২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে দাঁড়ানো স্থানীয় গাজীপুর মাদ্রাসার ছাত্র কাজল শেখকে (১৮) চাপা দিয়ে উল্টে পড়ে। এতে গুরুতর আহত কাজল শেখকে স্থানীয় ফুলতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাজল শেখ ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের মনিরুল শেখের ছেলে ও গাজীপুর মাদ্রাসার আলীম প্রথম বর্ষের ছাত্র। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। চালক পলাতক। 
 
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/এমআই