লোহাগড়ায় নিখোঁজ যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৯:৩১
নড়াইলের লোহাগড়া উপজেলার দেবী গ্রাম থেকে নিখোঁজ থাকার তিন দিন পর বৃহস্পতিবার দুপুরে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
নিহত মামুন মোল্যা (২৫) দেবী গ্রামের ইকবাল মোল্যার ছেলে। 
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোওয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের মামুন মোল্যা (২৫) গত সোমবার বিকালে বাড়ি থেকে বের হন । পরে তার ব্যবহ্নত মোবাইল ফোনটি রাতে বন্ধ পাওয়ার পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় মামুনের খোঁজ-খবর নিয়েও তার কোন সন্ধান পায়নি।
 
গত বুধবার মামুনের বড় ভাই মঞ্জুর মোল্যা ভাই নিখোঁজের ঘটনাটি লোহাগড়া থানা পুলিশকে অবহিত করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মামুনের ক্ষত-বিক্ষত লাশ তার বাড়ির পাশের একটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এ সময় মামুনের পরিবারের সদস্যরা মামুনের লাশ শনাক্ত করে। 
 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন।  
 
ইত্তেফাক/ইউবি