রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বৃহস্পতিবার মিরপুর, মোহাম্মদপুর, বনশ্রী ও বনানীতে আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আবাসিক এলাকায় অবৈধভাবে স্থাপিত গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ফুটপাতে অবৈধ র্যাম্প উচ্ছেদ করে। রাজউকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে মিরপুর পূর্ব মনিপুর এলাকায় অভিযান চালিয়ে ১২৩৪/৪ নং হোল্ডিংয়ের র্যাম্প, একটি গার্ডরুম ও বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলা হয়। হোল্ডিং নং ৬৮০/সি/৩/এ এর রাস্তার উপর নির্মাণ করা বারান্দার অংশ অপসারণ করা হয়। এছাড়া ৫টি ভবনের রাস্তার উপর নির্মাণ করা বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে মোহাম্মদপুর এলাকার বছিলা রোড ও কাদেরাবাদ হাউজিঙয়ে অভিযান চালিয়ে ‘ইসলাম মার্কেট’ ৮ টি দোকান ও ‘নোভা ব্লু বার্ড’ নামক একটি চাইনিজ রেস্তোরা ভেঙ্গে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবুল মিয়ার নেতৃত্বে বনানী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১০/এ নং রোড এর ৩নং হোল্ডিংয়ে নকশা বহির্ভূত বাণিজ্যিকভাবে পরিচালিত ‘পাটুরী বাংলাদেশ’ নামক একটি রেস্তোরা বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত।
এছাড়া, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুজ্জামানের নেতৃত্বে বনশ্রী আবাসিক এলাকার এ, বি, সি ও জি ব্লকের ১, ২, ৩, ৪ ও ৫ নং রোডে অভিযান চালিয়ে বিভিন্ন ভবনের সামনের অবৈধ ৬১ টি র্যাম্প ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। -বাসস।
ইত্তেফাক/এসএস
